প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
‘আই ডোন্ট কেয়ার’ ফটোকার্ড পোস্ট: আটক ঢাবির ডেপুটি রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার রায় নিয়ে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লিখে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শাহবাগ থানা পুলিশের একটি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে তাকে আটক করে। এসময় কয়েকজন শিক্ষার্থীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
লাভলু মোল্লাহ শিশির তার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন। যেখানে লেখা, ‘আই ডোন্ট কেয়ার’। ওপরে ক্যাপশনে তিনি লিখেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
পরে আটকের আগে লাভলু ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে। ঘণ্টা দুই ধরে মব করার জন্য কিছু লোক আমার বাসার সামনে এসেছে। পুলিশ এসেছে। আপনাদের কাছে আমি বললাম। আপনারা একটু দেখবেন। কারণ আমি তো কোনো অন্যায় করিনি। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তাকে আটকের বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।
তিনি পোস্টে লিখেছেন, “আমরা এখানে আসিনি তোষামোদি করতে বা ক্ষমতার লোভে। আমরা দাঁড়িয়েছি দুই হাজার শহিদের রক্তের ওপর, তাদের জন্য ন্যায়বিচার আদায়ের শপথ নিয়ে। এখানে কোনো বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকের স্থান নেই।”
উল্লেখ্য, লাবলু মোল্লা শিশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। শেখ হাসিনার সরকার আমলে তিনি উপাচার্যের কার্যালয়ে সংযুক্ত দায়িত্বে ছিলেন। অভ্যুত্থানের পর তাকে সেই পদ থেকে সরিয়ে রেজিস্ট্রার দপ্তরে পুনর্বিন্যস্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : আবিদ মাহমুদ রহমতুল্লাহ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬