নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে স্কুল ক্রীড়াঙ্গনে দারুণ সাফল্য পেয়েছে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ। ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত কিশোর-কিশোরী কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতায় হ্যান্ডবল ও কাবাডি—দুই ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়ে ডাবল শিরোপা ঘরে তুলেছে প্রতিষ্ঠানটি।
মেয়েদের কাবাডি বিভাগের ফাইনালে চানমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে ৩-০ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ। এরপর হ্যান্ডবলের ফাইনালেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ক্যান্টনমেন্ট ইংলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ৬-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।
হ্যান্ডবলের ফাইনালে প্রবর্তকের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সৃষ্ঠি নাথ। দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের জালে একাই সাতবার বল পাঠান তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ সাত গোল করে ম্যাচসেরার স্বীকৃতিও পান সৃষ্ঠি। তার অসাধারণ পারফরম্যান্সে ফাইনালে দাপুটে জয় তুলে নেয় প্রবর্তক।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার পাঁচটি ভেন্যুতে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় রেকর্ডসংখ্যক দল। থানা পর্যায়ের বাছাইপর্বেও ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা; এতে মোট ১২টি দল অংশ নেয়।
একই আসরে কাবাডি ও হ্যান্ডবল—দুই ইভেন্টের শিরোপা জয়ের মাধ্যমে নিজেদের ক্রীড়া সক্ষমতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ। ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে, পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তারা এগিয়ে যাচ্ছে সমানতালে।
এদিকে পাঁচলাইশ থানার হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ফাইনালে অংশ নেওয়া সব খেলোয়াড়, কোচ তানজিনা রহমান এবং সংশ্লিষ্ট শিক্ষক দীপন কান্তি দাশকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য তাদের ভবিষ্যৎ পথচলায় আরও উৎসাহ জোগাবে। আগামী দিনেও ক্রীড়াঙ্গনে সাফল্যের এ ধারা অব্যাহত রেখে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে—এমন প্রত্যাশাই তাদের।
প্রকাশক ও সম্পাদক : আবিদ মাহমুদ রহমতুল্লাহ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬