বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকায় শুরু হলো আইএইচএফ ট্রফি-২০২৬

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
জুন ১১, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ

ছয় দেশের অংশগ্রহণে দক্ষিণ ও মধ্য এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

আবিদ মাহমুদ রহমতুল্লাহ, ঢাকা থেকে :

রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফি-২০২৬-এর দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বয়সভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতা। মঙ্গলবার (১০ জুন) পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দক্ষিণ ও মধ্য এশিয়ার ছয় দেশ—বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত এ আন্তর্জাতিক আসর চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০—দুই বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি রাশিদা, সাবেক জাতীয় খেলোয়াড় মুরেল গোমেজ, হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, জাতীয় ভলিবল খেলোয়াড় পপি, সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় কাকলী, ক্রীড়া সংগঠক পিন্টু জামান, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন, ভলিবল, অ্যাথলেটিকস খেলোয়াড় এবং আন্তর্জাতিক ‘ডি’ লাইসেন্সধারী সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড়, ক্রিড়া সংগঠক ও কোচ তানজিনা রহমানসহ দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘পোলাও আইসক্রিম’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০ বিভাগে অংশগ্রহণকারী ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-‘এ’-তে রয়েছে ভারত, নেপাল ও ইয়েমেন এবং গ্রুপ-‘বি’-তে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।

অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগের খেলা অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড-রবিন পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনূর্ধ্ব-১৮ বিভাগে মালদ্বীপ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের মাধ্যমে খেলা শুরু হয়। একই দিনে অনূর্ধ্ব-২০ বিভাগে স্বাগতিক বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক এই আসর দেশের হ্যান্ডবলের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এশিয়ার জোন-২ (দক্ষিণ ও মধ্য এশিয়া) অঞ্চলের সেরা দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন দল পরবর্তী মহাদেশীয় পর্বে খেলার সুযোগ পাবে।

ঘরের মাঠে খেলায় স্বাগতিক বাংলাদেশের প্রতি সমর্থকদের প্রত্যাশাও অনেক। ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, আন্তর্জাতিক এই মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে