মোঃ নুর নবী ইসলাম :
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদ।
এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশার জন্য সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়। নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ বায়োজিদের মাধ্যমে চেয়ারম্যানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবযোগদানকারী প্রশাসনিক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, সমাজসেবক আব্দুল হালিম, স্বেচ্ছাসেবী এনামুল হক, বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল, “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
জনসচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাংলা ইউনিয়ন পরিষদকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, নাংলা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের উন্নয়ন এবং একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে নাংলা ইউনিয়ন পরিষদ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”



















