মোঃ নুর নবী ইসলাম:
নূরানী ইশা’আতুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর উদ্যোগে দিনব্যাপী ‘মোয়াল্লেম জোড়’ ও শিক্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) রাজধানীর আল-জামিয়াতুল আহলিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে (বোর্ডের প্রধান কার্যালয়) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোর্ডের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুস সালাম।
প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা আব্দুস সালাম বলেন, “কুরআন শিক্ষার প্রচার ও প্রসার একটি মহান ইবাদত। শিক্ষার্থীদের শুধু অক্ষরজ্ঞান দিলেই হবে না, বরং তাদের আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষক প্রশিক্ষণের অপরিহার্যতা এবং নূরানী শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাদান পদ্ধতি উন্নত করতে না পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। বক্তারা কুরআন শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণ সভায় আরও বক্তব্য রাখেন মুফতি রফিকুল ইসলাম, বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক আব্দুল কাদের জিলানী, মাওলানা জামাল উদ্দিন মাহমুদ এবং ফাহানুর রহমান।
উপজেলা বোর্ডের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই মোয়াল্লেম জোড়ে এলাকার বিভিন্ন নূরানী মাদ্রাসার পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষকসহ বিপুল সংখ্যক দায়িত্বশীল ব্যক্তি অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতির বিভিন্ন কলাকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















