দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় একজন ব্যক্তির নামে নিবন্ধিত সিমের সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী বছর থেকে একজন নাগরিক তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন করতে পারবেন।
এর আগে একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। পরবর্তীতে তা কমে ১০টিতে নামানো হয়। এবার সর্বশেষ উদ্যোগে সেই সংখ্যাই নামিয়ে পাঁচটিতে আনতে যাচ্ছে বিটিআরসি।
বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সিম ব্যবহারের সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন সাপেক্ষে ২০২৬ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
এর আগে গত ২৬ অক্টোবর বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ জোরদার করা হবে। ভবিষ্যতে ব্যক্তিগত সিম ব্যবহারের সীমা আরও কমিয়ে দুটি পর্যন্ত আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।
এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী জানান, চলতি বছরের ৩১ অক্টোবরের পর একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম সক্রিয় রাখা যাবে না। পর্যায়ক্রমে এই সংখ্যা কমিয়ে আনতে কাজ চলছে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ব্যবহৃত সিমের সংখ্যা ১৯ কোটির বেশি। অনিবন্ধিত বা অন্যের নামে নিবন্ধিত সিম থেকে ভুয়া তথ্য, গুজব ও সাইবার অপরাধ বৃদ্ধির ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


















