নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল মজুতের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির উপজেলার উত্তর কাঠারবিল গ্রামের বাসিন্দা এবং বাদশা আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঠারবিল ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিতরণের সময় সাব্বির হোসেন ৫ লিটার করে মোট ১২০ লিটার ডিজেল সংগ্রহ করেন। পরে ভ্যানযোগে তা নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।
এ বিষয়ে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোখলেসুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জহুরুল ইসলামকে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সাব্বির হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা ডিজেল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল ইসলাম বলেন, জ্বালানি তেল সংক্রান্ত কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















