জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের এক যুগ্ম আহ্বায়কসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে একটি কৃষি জমির পরিত্যক্ত স্থানে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান (৪২), শুক্কুর আলী ফকির (৫০), সোহেল মিয়া (৪০), মজনু খান (৪৭), সাইদুল মন্ডল (৩২), নুর মোহাম্মদ (২৫), বিদ্যুৎ আকন্দ (৩৫), সামিউল (৪৫) ও হাফিজুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। অভিযানের সময় আরও ১০–১২ জন জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় সাড়ে ৭১ হাজার টাকা, সাত প্যাকেট তাস, একটি ত্রিপল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা জানান, পলাতক জুয়াড়িদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


















