নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন এবং দাম্পত্য জীবনে ফাটল ধরানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী হাফেজ মো. হেলাল উদ্দিন। এ সময় তার স্ত্রী আকলিমা ও শ্বশুর জবেদ আলী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন জানান, উপজেলার সিরিঘাট তেঘরিয়া গ্রামের তমেজ আলীর ছেলে হাফেজ মো. হেলাল উদ্দিনের সঙ্গে কুলিয়া এলাকার জবেদ আলীর মেয়ে আকলিমার বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত সপ্তাহে তার বৃদ্ধা মায়ের সেবাযত্নকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সাময়িক বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে চড়-থাপ্পড় মারেন। পরে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং তারা স্বাভাবিক সংসার জীবন শুরু করেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে আকলিমার ভগ্নিপতি কফিল উদ্দিন ও তার ভাই মিস্টার পূর্বপরিকল্পিতভাবে তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি এবং বিচ্ছেদ ঘটানোর উদ্দেশ্যে আকলিমাকে জোরপূর্বক স্বামীর বাড়ি থেকে নিয়ে যান বলে অভিযোগ করেন হেলাল।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আকলিমার বাবা জবেদ আলীকেও অন্যত্র ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এছাড়া অভিযুক্তরা বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছেন বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, এসব ঘটনার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পারিবারিক বিষয় নিয়ে মানহানিকর ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


















