নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে মুসলিমা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোন্দেরচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মুসলিমা ওই এলাকার বাসিন্দা মোফাজ্জলের কন্যা এবং মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুরের কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে বিষ পান করে মুসলিমা। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে ওই কিশোরী আত্মঘাতী হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায় নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

















