ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। ঘোষিত সেই তালিকায় জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. লিটন মিয়া (বি.এ)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
দীর্ঘদিন ধরে জামালপুর জেলা যুব অধিকারে দায়িত্ব পালন করা লিটন মিয়া স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ হিসেবে বিবেচিত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তরুণদের নিয়ে সামাজিক উদ্যোগ বাস্তবায়ন, এলাকায় দলকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলায় তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, প্রার্থী চূড়ান্তকরণের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা, জরিপে ইতিবাচক অবস্থান ও পরিচ্ছন্ন ভাবমূর্তি—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়। এসব ক্ষেত্রে লিটন মিয়া এগিয়ে থাকায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় দল।
মনোনয়ন ঘোষণার পর মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। প্রতিক্রিয়ায় লিটন মিয়া বলেন, “এই আসনে আরও দুইজন যোগ্য সহকর্মী ছিলেন। আমরা সবাই দলের জন্য কাজ করি। সবার সহযোগিতা নিয়ে তরুণদের নেতৃত্বে একটি ইতিবাচক ও মূল্যবোধ-ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি—তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”



















