ক্রীড়া প্রতিবেদক:
ভারতের উঠতি ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী যেন রেকর্ড ভাঙাকে অভ্যাসে পরিণত করেছেন। মাত্র ১৪ বছর বয়সেই ধারাবাহিকভাবে নজর কাড়ছেন এই বিস্ময় বালক। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে শুক্রবার (১২ ডিসেম্বর) আবারও তুলে ধরলেন ব্যাটিং–ঝড়। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললেন ৯৫ বলে অবিশ্বাস্য ১৭১ রানের ইনিংস। ৯টি চার ও ১৪টি ছক্কায় সাজানো এই বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত তুলে ফেলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বৈভব। মাত্র ৩০ বলে পৌঁছে যান অর্ধশতকে, যার মাঝে বাউন্ডারি থেকে আসে ৪০ রান। সেঞ্চুরির পথে আরও গতি বাড়ান তিনি—পরের ৫০ রান করেন মাত্র ২৬ বলে। শেষ পর্যন্ত ৫৬ বলে শতক পূরণ করেন ৫ চার ও ৯ ছক্কার সহায়তায়।
১৭১ রানের এই ইনিংস বৈভবের অনূর্ধ্ব–১৯ ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে একই পর্যায়ে তার সর্বোচ্চ ছিল ১৪৩ রান, ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের জুলাইয়ে। ভারতীয় ক্রিকেটে অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস; শীর্ষে আছেন অম্বতি রাইড়ু, যিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৭৭ রান।
বিশ্ব যুব ওয়ানডে রেকর্ডেও জায়গা করে নিয়েছেন তরুণ ভারতীয় এই ব্যাটার। অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তালিকায় বৈভব এখন নবম স্থানে। তালিকার শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক—যিনি গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২১৫ রান।
ছক্কা হাঁকানোতেও নিজের নাম তুলেছেন রেকর্ডবুকে। এক ইনিংসে ১৪ ছক্কা মেরে ভেঙেছেন যুব ওয়ানডের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কাই ছিল সর্বোচ্চ।
এদিন ভারতের ৪৩৩ রানের সংগ্রহও ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ২০১৮ সালে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ৪৩৬ রান, আর ২০০২ সালে অস্ট্রেলিয়া তুলেছিল ৬ উইকেটে ৪৮০—দুটি ম্যাচেই প্রতিপক্ষ ছিল কেনিয়া।


















