নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতা দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা হলেন— মাদারগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা, ৫ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও শহর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, যোগদানকারী দুই নেতা শৈশবকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে ব্যবসায়িক চাপ ও পরিস্থিতির কারণে ২০১৮ সালে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘদিন পর আবারও নিজ দলে ফিরে আসায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাদের এই প্রত্যাবর্তনে দল আরও শক্তিশালী হবে।” তিনি আশা প্রকাশ করেন, নবাগত নেতারা ভবিষ্যতে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।


















