নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সমর্থিত কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) মাগরিব নামাজের পর ইউনিয়নের একটি স্থানীয় মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন রবিউল ইসলাম। এ সময় দুই ব্যক্তি এসে ‘রাজনৈতিক প্রোগ্রাম’ আয়োজনের অভিযোগ তুলে ভাষাগত তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে রবিউলের ওপর লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এতে তার হাত-পা ভেঙে গুরুতর আহত হন বলে জানা গেছে।
আহত অবস্থায় প্রথমে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাতেই মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামী একটি প্রতিবাদ মিছিল বের করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “রাত ১টার দিকে জামায়াতের কর্মীরা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জামায়াতে ইসলামের উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, “বিএনপির সোহেল রানা (৪৫), রুবেল (৪২), রেনু মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা রাতে থানায় অভিযোগ করেছি।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “ঘটনাটি আমাদের দলের কর্মীদের সঙ্গে নয়, মসজিদের কিছু মুসল্লির মধ্যে ঘটনা ঘটেছিল। পরে আমাদের কর্মীরা সেখানে উপস্থিত হওয়ায় তাদের নাম অভিযোগে জড়িয়ে দেওয়া হয়েছে।”


















