নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং ডিজিটাল শিক্ষার প্রসারে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। পাইলট প্রকল্পের অংশ হিসেবে আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের সূচনা হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকে ভার্চুয়ালি পাঠদান পরিচালনা করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করেই ইন্টারনেটের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বৈসাবির ছুটির কারণে কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হলেও দ্রুতই স্কুল শাখায় এটি কার্যকর করা হবে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিনদিন—রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। বাকি তিনদিন—শনিবার, সোমবার ও বুধবার যথারীতি সশরীরে (অফলাইন) ক্লাস অনুষ্ঠিত হবে। তবে শিক্ষকরা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইন কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে, গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা গ্রহণ করে। এরপর ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কিছু নির্দিষ্ট স্কুলকে এই পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে।
মন্ত্রী বলেন, “আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল এডুকেশনের দিকে মোটিভেটেড করা এবং বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করা। এই পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এই মডেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে।”
শনিবার সশরীরে ক্লাসের মাধ্যমে সপ্তাহের পাঠদান শুরু হবে এবং পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতি অনুসরণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।



















