শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ই-পেপার
  9. ইসলাম
  10. কর্পোরেট
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খুলনা
  15. খেলাধুলা

হিফযুল কোরআনে বিশ্বসেরা আনাস: রাষ্ট্রীয় স্বীকৃতিতে বরণ

প্রতিবেদক
জামালপুর খবর ডেক্স
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। তিনি হাফেজ আনাসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী এবং হাফেজ আনাসের পিতা আতিকুর রহমান।

হাফেজ আনাসকে অভিনন্দন জানিয়ে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, “আনাস তার কৃতিত্বের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানের আসনে পৌঁছে দিয়েছে।” তিনি আরও জানান, বিশ্বজয়ী হাফেজ ও ক্বারিদের সাফল্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন একটি বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করবে।

উল্লেখ্য, বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে গত ৬ থেকে ১০ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আনাস বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পুরস্কার গ্রহণ শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন।

গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অভিজ্ঞ বিচারকমণ্ডলী তাকে মিশরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করে।

Facebook Comments Box

সর্বশেষ - দেশজুড়ে