নিজস্ব প্রতিবেদক:
জামালপুর জেলা কারাগারে আটক থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি জিয়াউল হক জিয়া, যিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৫ জানুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে খাবার গ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


















